সালাতের পূর্ব শর্তসমূহের অধ্যায়



সালাতের পূর্ব শর্তসমূহের অধ্যায়


পূর্বে যেসব অপবিত্রতা ও নাপাকির বর্ণনা করেছি সেগুলো হতে সালাতের পূর্বে পবিত্র হওয়া মুসল্লির ওপর ফরয। আর সতর ঢাকাও আবশ্যক। পুরুষের সতর হল নাভির নিচ হতে হাঁটু পর্যন্ত। হাঁটু সতরের অন্তর্ভুক্ত। কিন্তু নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। মূখমন্ডল ও হস্তদ্বয় ব্যতীত স্বাধীন নারীদের সমস্ত শরীর সতরের অন্তর্ভূক্ত। পূরুষের সতর যা দাসীর সতরও তাই,তবে পেট ও পিঠ সতরের অন্তর্ভূক্ত। এ ছাড়া দাসীর শরীরের আর কোন অংশ সতরের অন্তর্ভূক্ত নয়। কোন ব্যক্তি নাজাসাত দূর করবার কিছু না পেলে ঐ নাজাসাতসহ সালাত পড়বে এবং এ সালাত আর পুনরায় পড়তে হবে না। আর যে ব্যক্তি (সতর ঢাকবার) কাপড় পায় না সে উলঙ্গ অবস্থায় বসে ইশারা-ইঙ্গিতে রুকু-সিজদা করবে। যদি সে দাঁড়িয়ে পড়ে, তা হলেও জায়েয হবে। তবে প্রথম নিয়মে (বসে পড়া) উত্তম। যে সালাতে প্রবেশ করবে তথা পড়তে ইচ্ছা করবে সে সালাতের জন্য এমনভাবে নিয়ত করবে যেন নিয়ত ও তাকবীরে তাহরীমার মধ্যে অন্য কোন কাজ দ্বারা পার্থক্য বা ব্যবধান করবে না এবং কেবলামূখী হবে কিন্তু যদি শত্রুর ভয় থাকে, তবে; যেদিকে ফিরতে সে সক্ষম হয় সে দিকে ফিরেই সালাত পড়বে। যদি তার নিকট কেবলার দিক সন্দেহযুক্ত হয় এবং তার নিকটে এমন কোন লোকও নেই যাকে কেবলা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন সে চিন্তা-ভাবনা করে (যেদিকে কেবলা মনস্থির করে) সালাত পড়বে। সালাত শেষে যদি জানতে পারে যে, সে ভুল করেছে তাহলে পুনঃ সালাত পড়তে হবে না। আর যদি সালাতে থাকা অবস্তায় তা জানতে পারে, তাহলে সালাতের মধ্যেই সেদিকে ঘুরে যাবে এবং বাকি সালাত উহার ওপর ভিত্তি করে আদায় করবে।

No comments:

Post a Comment